
সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত BACE Training Centre-এ ২৫–৩০ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত “Gender and Entrepreneurship Together (GET Ahead) Training for Entrepreneurs” প্রশিক্ষণ কর্মসূচি উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। এই প্রশিক্ষণের আয়োজন করে Informal Sector Industry Skills Council (ISISC) এবং সহায়তা প্রদান করে International Labour Organization (ILO)-এর ProGRESS Project।
প্রশিক্ষণটির মূল উদ্দেশ্য ছিল নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, পরিকল্পনা, বাজার সম্প্রসারণ এবং টেকসই উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।
এই প্রশিক্ষণের একটি অনুপ্রেরণামূলক উদাহরণ খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডাপাড়া ইউনিয়নের তালতলা গ্রামের নারী উদ্যোক্তা লিমা মন্ডল। একজন সাধারণ গৃহিণী থেকে সফল উদ্যোক্তা হয়ে ওঠার মাধ্যমে তিনি এখন অনেক নারীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
লিমা মন্ডল Build Better Limited, Khulna-এর অধীনে ৬ মাসব্যাপী কর্মমুখী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাত্র ৩ মাস অতিক্রমের পরই তিনি নিজের উদ্যোগে জৈব সার উৎপাদন ও বিপণনের ব্যবসা শুরু করেন। বর্তমানে তার উৎপাদিত জৈব সার স্থানীয় কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
তিনি আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে জৈব সার উৎপাদন করছেন, যা কৃষি উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখছে। ফলে তার ব্যবসা দিন দিন সম্প্রসারিত হচ্ছে।
লিমার পরিবারে রয়েছেন তার স্বামী, শ্বশুর, শাশুড়ী এবং দুই সন্তান—এক ছেলে (৩.৫ বছর) ও এক মেয়ে (৯ বছর)। পরিবারের সহযোগিতা তার এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রশিক্ষণ শেষে সাক্ষাৎকারে লিমা মন্ডল বলেন,
“প্রশিক্ষণটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আগে ভাবতাম কিছুই করতে পারব না, এখন নিজের আয় আছে এবং নিজের একটি পরিচয় তৈরি হয়েছে। ভবিষ্যতে আমার ব্যবসা কীভাবে আরও সম্প্রসারণ করা যায়, সেই বিষয়ে এই প্রশিক্ষণ থেকে পাওয়া জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাব।”
তিনি আরও জানান, GET Ahead Training থেকে ব্যবসা পরিকল্পনা, বাজার বিশ্লেষণ এবং উদ্যোক্তা দক্ষতা উন্নয়নের যে শিক্ষা পেয়েছেন, তা ব্যবহার করে ভবিষ্যতে তার জৈব সারের ব্যবসাকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
লিমা মন্ডলের এই সাফল্যের গল্প শুধু একজন নারীর নয়; এটি নারী ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা এবং গ্রামীণ অর্থনীতির ইতিবাচক পরিবর্তনের প্রতিচ্ছবি।
মন্তব্য করুন