
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়-এর মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির মহোদয়ের সাথে “ব্র্যান্ড অব বাংলাদেশ” ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এর প্রতিনিধিদল এক সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁকে দায়িত্ব গ্রহণ উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
ঢাকায় আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে ব্র্যান্ড অব বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা মাসুদুর রহামান ও নাসিব-এর কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের অতিক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পখাতের উন্নয়ন, দেশীয় পণ্যের ব্র্যান্ডিং, উদ্যোক্তা সহায়ক নীতিগত পরিবেশ সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, দেশীয় শিল্প ও উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যকর নেতৃত্ব দেশের শিল্প ও বাণিজ্য খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মাননীয় মন্ত্রী দেশীয় শিল্পের বিকাশ, রপ্তানি সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও কুটির উদ্যোক্তাদের জন্য সহায়ক নীতিমালা প্রণয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল মাননীয় মন্ত্রীর সুস্বাস্থ্য ও সফল দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান এবং ভবিষ্যতে দেশের শিল্প ও বাণিজ্য উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন